২১ জুলাই ২০১৩ - ১৯:৩০
ইরাকের দু’টি কারাগারে ভয়াবহ হামলা; ৪২ সেনা নিহত

ইরাকের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হামলায় অর্ধশত ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪২ সেনা রয়েছে।

বার্তা সংস্থা আবনা : ইরাকের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হামলায় অর্ধশত ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪২ সেনা রয়েছে। মসুলে একটি সেনা বহরে গাড়ি বোমা হামলায় ২২ সেনা নিহত ও ২৯ জন আহত হয়। আহতদের মধ্যেও ১৭ সেনা রয়েছে।

এছাড়া, দু’টি কারাগারে অস্ত্রধারীদের হামলায় ২০ সেনা প্রাণ হারিয়েছে। আক্রমণের শিকার দুই কারাগারের মধ্যে বাগদাদের পশ্চিমে অবস্থিত আবু গারিবও রয়েছে। অপরটি বাগদাদের উত্তরে তাজি শহরের কাছে অবস্থিত।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতরাতে কয়েক ডজন সন্ত্রাসী গ্রেনেড, মর্টার, বোমা ও রাইফেলের সাহায্যে কারাগারে হামলা চালায়। সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর ১০ ঘন্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় আকাশে জঙ্গি বিমান উড়তে দেখা যায়। বর্তমানে দু’টি কারাগারই ইরাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সরকারি সূত্রে জানানো হয়েছে। পাঁচশ’ থেকে এক হাজার বন্দী কারাগার থেকে পালিয়ে গেছে বলে ইরাকি কর্মকর্তা হাকিম আল যামিলি জানিয়েছেন।  

ইরাকে এর আগেও কারাগারগুলোতে হামলার ঘটনা ঘটেছে। কারাবন্দীদের পালিয়ে যেতে সহযোগিতা করতেই এ ধরনের হামলা চালানো হয়।